তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল। আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচের মধ্যে দিয়ে নতুন এক রেকর্ড গড়ল শারজা ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের নতুন নজির গড়ল শারজা ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ হয়েছে ২৫৩টি, টেস্ট ম্যাচ হয়েছে ৯টি আর টি-টোয়েন্টি হয়েছে ৩৮টি।
আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও ক্রিকেট প্রশাসক আবদুল রহমান বুখাতির শারজার মরুভূমিকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করে সেই সময় ক্রিকেট–বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন।
১৯৮৪ সালে শারজায় প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলংকা। সেটি ছিল এশিয়া কাপের ম্যাচ। ১২ বছর পর ১৯৯৬ সালে শারজায় শততম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। শারজা কাপের ম্যাচটি ৮০ রানে জেতে দক্ষিণ আফ্রিকা। শারজায় ২০০তম ম্যাচটিও ছিল ওয়ানডে। ২০০৩ সালে সেই ম্যাচে শ্রীলংকাকে ৪ উইকেটে হারায় জিম্বাবুয়ে।
আজ ৩০০তম ম্যাচে জিতবে কারা?
একক ভেন্যু হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক এই ভেন্যুতে হয়েছে ২৯১ ম্যাচ। এ মাসেই সেখানে একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ভারতের বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচটিও হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে তাই সিডনিও ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করবে।
সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা শীর্ষ পাঁচ ভেন্যুর বাকি তিনটি অস্ট্রেলিয়ার আরেক বিখ্যাত মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (২৮৭), জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব (২৬৭) ও ক্রিকেট–তীর্থ হিসেবে পরিচিত লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড (২২৭)।
তালিকার ছয়ে থাকা ভেন্যুর নাম কি আন্দাজ করতে পারছেন? হয়তো পেরেছেন—মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশের ‘হোম অব ক্রিকেটে’ এখন পর্যন্ত হয়েছে ২১১ ম্যাচ। কমপক্ষে ২০০ ম্যাচ আয়োজন করা ভেন্যু আছে আরও দুটি—শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম (২০৭) ও লন্ডনের ওভাল (২০০)।